মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৩, ২০২৬, ০৩:০৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের হাড়কাঁপানো শীতে পিছিয়ে পড়া প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘শতধা সমবায় সমিতি লিমিটেড’। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে শহরের বালুবাড়িস্থ গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র সহযোগিতায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
শতধা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রমের লক্ষ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সদস্য রুবেল সিকদার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
গ্রীণ ভিউ-এর স্বত্বাধিকারী তৌফিকুর রহমান এবং বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ আহসানুজ্জামান। সংগঠনের সাধারণ সম্পাদক মীর রফিকুল আহসান (আজাদ) তাঁর বক্তব্যে জানান, দিনাজপুরের অনগ্রসর ও অনাগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে শতধা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, দিনাজপুরের মানুষদের সামাজিক ও কল্যাণকর উন্নয়নের লক্ষ্য রেখেই এই সংগঠনটি গড়ে উঠেছে। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই তাঁরা প্রান্তিক মানুষের উষ্ণতা নিশ্চিত করতে এগিয়ে এসেছেন। বিশেষ করে সমাজের প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই মানবিক সহায়তায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ রেদওয়ানুর রহমান।