জিন্নাত হোসেন
জানুয়ারি ৩, ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
পৌষের হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে ফিরে এলেন হাজারো প্রাক্তন শিক্ষার্থী। দিনাজপুরের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ‘সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ’-এর ৭৫ বছরের গৌরবময় পথচলা উপলক্ষে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘প্লাটিনাম জুবিলী’ উৎসব।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উৎসবের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. রান্ডাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু।
প্রধান অতিথির বক্তব্যে আর্চবিশপ কেভিন এস. রান্ডাল বলেন, সেন্ট ফিলিপস্ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি মানুষ গড়ার একটি কারখানা। ৭৫ বছর ধরে এই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে সমাজ বিনির্মাণে যে অবদান রেখেছে তা প্রশংসনীয়।অনুষ্ঠানে ১৯৬৪ ব্যাচের শিক্ষার্থী ড. এস.এ মান্নান এবং ১৯৭৩ ব্যাচের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়াসহ প্রবীণ ও নবীন শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাহারি রঙের আলপনা আর রঙিন আলোকসজ্জায় সজ্জিত বিদ্যালয় প্রাঙ্গণে পুরোনো বন্ধুদের সাথে সেলফি ও আড্ডায় মেতে ওঠেন সবাই।
স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি বলেন, "প্লাটিনাম জুবিলী আমাদের জন্য এক ঐতিহাসিকভাবে সন্ধিক্ষণ। প্রাক্তনদের পদচারণায় আজ এই ক্যাম্পাস প্রাণ ফিরে পেয়েছে।"
উদ্বোধনী সভার পর প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। মধ্যাহ্নভোজের পর স্মৃতিচারণ, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। এর আগে শুক্রবার নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন ও স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। আগামীকাল রোববার বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।