শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জে যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন

অলিউর রহমান মিরাজ

জানুয়ারি ৪, ২০২৬, ০২:৩২ পিএম

নবাবগঞ্জে যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বেকার যুবক-যুবতীদের দক্ষ করে তুলতে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ২ মাস মেয়াদী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলার সুবিধাবঞ্চিত ও অনগ্রসর গ্রামীণ যুবকদের প্রযুক্তিগত ক্ষমতায়নের লক্ষ্যে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ’ (টেকাব) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্তমান ব্যাচে উপজেলার ৪০ জন তরুণ-তরুণী বিনামূল্যে এই প্রশিক্ষণ গ্রহণ করছেন।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি যুবককে দক্ষ হতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তোমরা কেবল নিজের ভাগ্য পরিবর্তন করবে না, বরং দেশের অর্থনীতিতেও অবদান রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার তারেক সেফাতী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক নন্দ কুমার।

বক্তারা জানান, গ্রামের দরিদ্র ও মেধাবী তরুণদের বিনামূল্যে মানসম্মত আইটি প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য, যাতে তারা ফ্রিল্যান্সিং বা চাকরিক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করতে পারে।প্রশিক্ষণার্থীরা জানান, এমন সরকারি উদ্যোগ তাদের জন্য বড় সুযোগ। বিনামূল্যে কম্পিউটার ও নেটওয়ার্কিং শিখে তারা কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।