শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

উৎসবমুখর পরিবেশে সেন্ট ফিলিপস্ স্কুলএর‘প্লাটিনাম জুবিলী’র সমাপ্তি

জিন্নাত হোসেন

জানুয়ারি ৪, ২০২৬, ০৬:৫১ পিএম

উৎসবমুখর পরিবেশে সেন্ট ফিলিপস্ স্কুলএর‘প্লাটিনাম জুবিলী’র সমাপ্তি

ছবি-দিনাজপুর টিভি

আনন্দ, উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের গৌরবময় ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলী) অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটেছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠান উদযাপিত হয়।

এদিন সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম ও অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি।

পরে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাপনী অধিবেশন শুরু হয়।বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুল হাসান। দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফাদার প্যাট্রিক গাফনি সিএসসি এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল।

বক্তারা বলেন, সেন্ট ফিলিপস্ গত ৭৫ বছর ধরে উত্তরবঙ্গে মানসম্মত শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে এক অনন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানের সাফল্য ধরে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তাঁরা।

উৎসবের সমাপনী দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাহারি রঙের আলপনা আর নজরকাড়া আলোকসজ্জায় সাজানো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ। সবশেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র’র মধ্য দিয়ে তিন দিনের এই ঐতিহাসিক আয়োজনের পর্দা নামে।

উল্লেখ্য, গত শুক্রবার নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মাধ্যমে এই উৎসব শুরু হয়েছিল এবং শনিবার অনুষ্ঠিত হয়েছিল প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।