শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জে ভোটার সচেতনতায় বিশেষ মতবিনিময় সভা

অলিউর রহমান মিরাজ

জানুয়ারি ৬, ২০২৬, ০২:৩৮ পিএম

নবাবগঞ্জে ভোটার সচেতনতায় বিশেষ মতবিনিময় সভা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভোটাধিকার প্রয়োগ এবং নাগরিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়ামে ‘স্বর্ণভূমি মহিলা উন্নয়ন সংস্থা’র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউ.কে. ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, অ্যাম্বেসি অব সুইডেন এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস)-এর আর্থিক সহযোগিতায় ভোটার এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভস্ ফর ন্যাশনাল ইলেকশন ২০২৬ প্রকল্পের আওতায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

এর মূল লক্ষ্য হলো—নির্বাচন প্রক্রিয়ায় প্রান্তিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্বতঃস্ফূর্ত ভোটদানে সচেতনতা বৃদ্ধি করা।

স্বর্ণভূমি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সারা মারান্ডীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। তিনি বলেন, গণতন্ত্রের প্রধান ভিত্তি হলো ভোট। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন নির্ভয়ে এবং সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, প্রশাসন সেই পরিবেশ নিশ্চিত করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী। সভায় বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের নাগরিক অধিকার ও ভোটের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্বর্ণভূমি মহিলা সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।