মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৬, ২০২৬, ০৬:০২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর শহরের একটি ছাত্রীনিবাস (মেস) থেকে মোস্তারিনা আক্তার নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোস্তারিনা আক্তার দিনাজপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পড়াশোনার প্রয়োজনে তিনি শহরের ওই মেসটিতে থাকতেন।দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেসের অন্যান্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় একে ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না কি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।