ফাহিম হোসেন রিজু
জানুয়ারি ৬, ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঘোড়াঘাটে ১০৫ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হুরী বেগম (৪০) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল ভেলাইন গ্রামে হুরী বেগমের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তল্লাশি চালিয়ে তাঁর নিকট থাকা একটি সাদা রঙের কৌটার ভেতর থেকে ১০৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হুরী বেগম ওই গ্রামের আব্দুল করিম মিয়ার স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, হুরী বেগম এলাকার একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় ইতিপূর্বে মাদক সংক্রান্ত আরও ১০টি মামলা দায়ের করা হয়েছে। বারবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে তিনি পুনরায় মাদক কারবারে লিপ্ত হতেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।