বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

শহীদ ওসমান হাদিকে নিয়ে কটূক্তি: উত্তাল দিনাজপুর পলিটেকনিক

মোঃ মোমিনুল ইসলাম

জানুয়ারি ৬, ২০২৬, ১০:৫৫ পিএম

শহীদ ওসমান হাদিকে নিয়ে কটূক্তি: উত্তাল দিনাজপুর পলিটেকনিক

ছবি-দিনাজপুর টিভি

জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদির শাহাদাত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অবমাননার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। অভিযুক্ত শিক্ষার্থী মনমোহন রায়ের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

দুপুর ১২টায় পলিটেকনিকের ‘কাঁঠাল তলা’ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের দোসর মনমোহন রায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শহীদ ওসমান হাদির আত্মত্যাগকে নিয়ে বিদ্রূপ ও কটূক্তি করেছেন।

শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দুটি প্রধান দাবি পেশ করেন— অভিযুক্তকে অবিলম্বে ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার এবং ধর্মীয় ও জাতীয় অনুভূতিতে আঘাতের দায়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ।উদ্ভূত পরিস্থিতিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, শহীদ শরিফুজ্জামান হাদীর স্মৃতি ও শাহাদাত নিয়ে যে কোনো ধরণের কটাক্ষ অত্যন্ত মর্মাহত করার মতো বিষয়। ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে আমরা বদ্ধপরিকর।

অভিযুক্তের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি ছাত্রদের অনুরোধ করেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় দোষীকে সরাসরি পুলিশের হাতে সোপর্দ করতে হবে।সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির রক্ত এখনো শুকায়নি। যে স্বপ্ন নিয়ে তিনি রাজপথে জীবন দিয়েছেন, সেই স্বপ্নকে যারা উপহাস করছে তাদের এই মাটিতে ঠাঁই হবে না। প্রতিটি শিক্ষার্থী আজ ওসমান হাদি হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।