অলিউর রহমান মিরাজ
জানুয়ারি ৮, ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
হাড়কাঁপানো শীতে জবুথবু জনজীবনে কিছুটা উষ্ণতা ছড়াতে নবাবগঞ্জের ১০০ জন অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেলে উপজেলার শিশুপার্ক চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
তিনি নিজে প্রতিটি প্রতিবন্ধী মানুষের কাছে গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং পরম মমতায় কম্বল তুলে দেন। এ সময় তিনি বলেন তীব্র শীতে অসহায় মানুষ বিশেষ করে প্রতিবন্ধীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।
তাঁদের কষ্ট কিছুটা লাঘব করতেই প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। উপজেলার অন্যান্য স্থানেও পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাজমুল হুদা।
কনকনে শীতে প্রশাসনের পক্ষ থেকে এমন উপহার পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন প্রতিবন্ধীরা। তাঁরা স্বস্তি প্রকাশ করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। উপজেলা প্রশাসনের এই ধারাবাহিক মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজন।