জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:২০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে থানা পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের এই তৎপরতা লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বড় বড় হাট-বাজার, বাসস্ট্যান্ড ও সম্ভাব্য ভোটকেন্দ্র এলাকাগুলোতে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
বিশেষ করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে জানান, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে দিন-রাত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কেউ যদি নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এই সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ ও ভোটাররা। স্থানীয়দের মতে, পুলিশের টহল ও কঠোর নজরদারির ফলে নির্বাচনী পরিবেশে স্বস্তি ফিরে আসছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আশা করছেন। নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন