রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ইসলামি আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৮ নেতা

মোঃ আব্দুর রাজ্জাক

জানুয়ারি ২১, ২০২৬, ০৫:৫০ পিএম

বীরগঞ্জে ইসলামি আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৮ নেতা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন দলটির ৮ জন নেতাকর্মী। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

জামায়াতে যোগ দেওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ইসলামী যুব আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামিউল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য ও পাল্টাপুর ইউনিয়ন ইসলামি আন্দোলনের সহ-সভাপতি আহম্মদ আলী। এছাড়া মো. নাসির উদ্দীনসহ আরও বেশ কয়েকজন কর্মী-সমর্থক জামায়াতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী বলেন, "ইসলামি আন্দোলন বাংলাদেশ ১০ দলীয় জোট থেকে সরে আসায় আমরা রাজনৈতিকভাবে হতাশ হয়েছি। 

জামায়াতে ইসলামীর আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা আমাদের আকৃষ্ট করায় আমরা স্বেচ্ছায় এই দলে যোগ দিয়েছি।"অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মতিউর রহমান। তিনি বলেন, "আগামী নির্বাচন হবে জনগণের প্রত্যাশার নির্বাচন। আমরা নির্বাচিত হলে বীরগঞ্জ-কাহারোলকে তরুণদের কর্মসংস্থান ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব রবিউল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা আমীর ক্বারী আজিজুর রহমান, কাহারোল উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম ও বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম প্রমুখ।