সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রামপুর বাজারে বিএনপির নির্বাচনী জনসভা

মো. আরিফ ইসলাম

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:৫৯ পিএম

রামপুর বাজারে বিএনপির নির্বাচনী জনসভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের রামপুর বাজার মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, "এলাকার উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা বিজয়ী হলে অবহেলিত কাহারোল ও বীরগঞ্জের প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব।তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ দেন তারা।

আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং মো. জুয়েলের সঞ্চালনায় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশগ্রহণ করেন। জনসভাটি অত্যন্ত শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়।