ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:৪৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের নাটেরহাট এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে মোহনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় নতুনহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের বাহক মোঃ মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বীরগঞ্জ ও কাহারোলকে দুর্নীতি ও শোষণমুক্ত আধুনিক জনপদে রূপান্তর করাই আমার লক্ষ্য। ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়া হবে।"
নিজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবেদুল রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু ও উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফেরদৌস হোসেন মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস এবং মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন।
বক্তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোঃ মনজুরুল ইসলামকে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন