সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে গণিত উৎসব: পাঁচ শতাধিক খুদে শিক্ষার্থীর গণিত জয়ের লড়াই

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৪২ পিএম

দিনাজপুরে গণিত উৎসব: পাঁচ শতাধিক খুদে শিক্ষার্থীর গণিত জয়ের লড়াই

ছবি-দিনাজপুর টিভি

শীতের সকালে ঝলমলে রোদ আর খুদে গণিতবিদদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ। ‍‍`গণিত শেখো, স্বপ্ন দেখো‍‍` স্লোগান নিয়ে অনুষ্ঠিত হলো ‘ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০২৬’-এর দিনাজপুর আঞ্চলিক পর্ব। উৎসবে উত্তরবঙ্গের ৪টি জেলার পাঁচ শতাধিক শিক্ষার্থী গণিত জয়ের স্বপ্নে শামিল হয়।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে ২৪তম এই আয়োজনের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। 

এছাড়াও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংকের দিনাজপুর শাখার উপ-ব্যবস্থাপক মোস্তফা হেলাল এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা তোলেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওয়াদুদ মন্ডল।

অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান বলেন, "গণিত অলিম্পিয়াডের এই আয়োজন থেকেই আগামী দিনের আইনস্টাইন তৈরি হবে। আমাদের শিক্ষার্থীরা যখন বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ায়, তখন আমরা সার্থকতা খুঁজে পাই।"পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওয়াদুদ মন্ডল বলেন, "জিপিএ-৫-এর পেছনে না ছুটে গণিতকে ভালোবাসতে শেখা বড় সার্থকতা। গণিত আমাদের চিন্তা করতে ও ভাবতে শেখায়।" ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপক মোস্তফা হেলাল তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "শরীর সুস্থ রাখতে যেমন শরীরচর্চা দরকার, তেমনি শিশুদের মানসিক বিকাশ ও সুস্থতার জন্য গণিত চর্চা বাড়ানো প্রয়োজন।

উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সার্জন ডা. শিলাদিত্য শীল, জিলা স্কুলের শিক্ষক শাহজাহান সাজু এবং প্রথম আলোর প্রতিনিধি রাজিউল ইসলাম। স্বাগত বক্তব্যে ডা. শিলাদিত্য শীল বলেন, "গণিত বিজ্ঞানের ভাষা। একে ভয় না পেয়ে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে।"দিনাজপুর আঞ্চলিক পর্বে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই ৪টি ক্যাটাগরিতে অনলাইন বাছাইয়ের পর ৬৫৪ জন আমন্ত্রিত শিক্ষার্থীর মধ্যে ৫১২ জন সরাসরি মূল্যায়ন পরীক্ষায় অংশ নেয়। দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও জয়পুরহাট জেলা থেকে আসা খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক মিলনমেলায় পরিণত হয়।