বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে ২ দিনের প্রশিক্ষণ শুরু

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:৪৫ পিএম

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে ২ দিনের প্রশিক্ষণ শুরু

পল্লীশ্রীর প্রশিক্ষণ কর্মসূচি। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর উদ্যোগে সিবিও নেতাদের দুই দিনব্যাপী হিসাব ও সিবিও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পল্লীশ্রীর প্রশিক্ষণ কেন্দ্রে ‍‍`প্রমোটিং অপরচুনিটি ফর উইমেন এমপাওয়ারমেন্ট‍‍` প্রকল্পের আওতায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড-জার্মানির সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে ২০ জন সিবিও নেতা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অধিবেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার (পিও) শাহেজাদী শিরীন, হিসাবরক্ষণ কর্মকর্তা মনোয়ারা খাতুন এবং সিনিয়র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর কৃষ্ণা দাস। 

প্রশিক্ষণে জেন্ডার বৈষম্য দূরীকরণ, সিবিও ব্যবস্থাপনায় কোষাধ্যক্ষের দায়িত্ব এবং নেতৃত্বের বিকাশে হিসাব সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পাসবুক, ক্যাশবুক ও খতিয়ান রক্ষণাবেক্ষণ এবং দলগত গতিশীলতা বৃদ্ধিতে যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রশিক্ষণ সেশনে শাহেজাদী শিরীন বলেন, ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং গণতন্ত্রের চর্চা করাই সিবিও গঠনের মূল লক্ষ্য। এর মাধ্যমে সামাজিক মূল্যবোধ বৃদ্ধি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ এবং যৌন হয়রানিসহ সব ধরনের নারী নির্যাতন প্রতিরোধে সিবিও নেতাদের সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে ক্ষুদ্র ঋণের প্রয়োজনীয়তা, ঋণ নির্বাচন, অনুমোদন ও বিতরণ প্রক্রিয়া এবং সঞ্চয় ব্যবস্থাপনার হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হচ্ছে। নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তুলতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।