ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:০৪ পিএম
দিনাজপুরের বিরল পৌর শহরের প্রাণকেন্দ্রে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড বাজাজের নতুন শোরুম `সিয়াম বাজাজ মোটরস` এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিরল বাজার বকুলতলার মোড় সংলগ্ন হাসপাতাল রোডে ফিতা কেটে এই শোরুমের শুভ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের জন্য মানসম্মত মোটরসাইকেল ও সেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরল উপজেলা শাখার সভাপতি মো. বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মো. আব্দুর রশিদ।
এ সময় বিরল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিরলে বাজাজ মোটরসাইকেলের এই নতুন শোরুম চালুর ফলে স্থানীয় বাসিন্দারা আধুনিক ও মানসম্পন্ন মোটরসাইকেল এবং সংশ্লিষ্ট সেবা এখন আরও সহজে পাবেন।
এই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। গ্রাহকদের জন্য উন্নতমানের বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে শোরুম কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান।
শোরুমের স্বত্বাধিকারী মো. আলহাজ্ব শাহাজান আলী আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গ্রাহকদের সন্তুষ্টি এবং মানসম্মত সেবা প্রদানই হবে তাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। বাজাজের সব আধুনিক মডেলের মোটরসাইকেল এখন বিরলের এই শোরুমে পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোরুমের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন