ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৬:৪৪ পিএম
দিনাজপুরের বিরল উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তিতে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এই বিশেষ বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনেই এই কেন্দ্র থেকে সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ এবং বিভিন্ন ধরনের শাকসবজি সাধারণ ক্রেতাদের কাছে সরবরাহ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং উপজেলা কৃষি অফিস ও প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি ও মোঃ বরকত উল্লাহ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আখতারুজ্জামান এবং বিরল প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।সুলভ মূল্যের এই বিক্রয় কেন্দ্র থেকে প্রতিটি ডিম ৮ টাকা, প্রতি লিটার দুধ ৭৫ টাকা এবং প্রতি কেজি টমেটো ৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও শসা প্রতি কেজি ৬৫ টাকা, পাকা লেবু প্রতি পিস ১৩ টাকা, কাঁচা লেবু ১৬ টাকা, সীম ২৮ টাকা, বেগুন ৫০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১৩০ টাকা দরে সরবরাহ করা হচ্ছে।
বাজারের বর্তমান মূল্যের তুলনায় এসব পণ্যের দাম যথেষ্ট কম হওয়ায় উদ্বোধনের পর থেকেই সাধারণ ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক বলেন, পবিত্র রমজান মাসব্যাপী এই কেন্দ্রে সুলভ মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, সীমিত পরিসরে এই ব্যবস্থা গ্রহণ করা হলেও যদি স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন তবে এটি সর্বত্র বাস্তবায়ন করা সম্ভব।
মূলত ব্যবসায়ীদের মধ্যে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির বার্তা পৌঁছে দিতেই এই প্রতীকী কার্যক্রম শুরু করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, বাজারে প্রতিদিন দ্রব্যমূল্যের যে ওঠানামা থাকে, তা নিয়ন্ত্রণে একটি সামঞ্জস্য বজায় রাখার উদাহরণ হিসেবেই এই কেন্দ্রটি চালু করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন