ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৫:৩২ এএম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে বীরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শহিদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংসদ সদস্যের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে বীরগঞ্জ উপজেলা প্রশাসন, বীরগঞ্জ পৌরসভা, বীরগঞ্জ থানা ও উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা প্রকৌশলী অফিস, উপজেলা শিক্ষা অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের পরম শ্রদ্ধায় স্মরণ করা হয়।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন এবং বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার।
এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে বীরগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন