রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে প্রতিবন্ধী মেয়ের অভিভাবক খুঁজছে পুলিশ

অলিউর রহমান মিরাজ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০২:৪৪ পিএম

নবাবগঞ্জে প্রতিবন্ধী মেয়ের অভিভাবক খুঁজছে পুলিশ

মেয়েটির পরিবারের সন্ধান চাই :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ের পরিবারের সন্ধান করছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নবাবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মেয়েটি বর্তমানে পুলিশের নিরাপত্তায় ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দলারদরগা বাজার এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। সে কথা বলতে বা শুনতে না পারায় তার নাম-পরিচয় কিংবা ঠিকানার কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। 

দীর্ঘ সময় পার হলেও তার পরিবারের কেউ থানায় যোগাযোগ না করায় মেয়েটির নিরাপত্তার স্বার্থে তাকে বর্তমানে সরকারি ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। সেখানে তাকে প্রয়োজনীয় খাবার ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েটি কথা বলতে অক্ষম হওয়ায় তার পরিচয় জানা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি মেয়েটিকে চিনে থাকেন বা তার আত্মীয়স্বজনের কোনো সন্ধান জানেন, তবে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই প্রতিবন্ধী মেয়েটিকে তার আপনজনদের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছে স্থানীয় থানা প্রশাসন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি মেয়েটির স্বজনদের সন্ধান পান, তবে অবিলম্বে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসারের ০১৩২০১৩৬৬৫৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও সরাসরি নবাবগঞ্জ থানায় উপস্থিত হয়েও তথ্য প্রদান করা যাবে। মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এই মানবিক প্রচেষ্টায় সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছে পুলিশ বিভাগ।