সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

আমতলী বাজারে অবৈধ সারবাহী ৭ ভ্যান আটক করল জনতা

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:৩৪ পিএম

আমতলী বাজারে অবৈধ সারবাহী ৭ ভ্যান আটক করল জনতা

জব্দকৃত সারের ভ্যান :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্টি ইউনিয়ন থেকে অবৈধভাবে রাসায়নিক সার পরিবহনের অভিযোগে ৭টি ভ্যান আটক করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আমতলী বাজার এলাকায় সন্দেহভাজন সারবোঝাই এই ভ্যানগুলো জব্দ করা হয়। পরে সেগুলোকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পুনট্টি ইউনিয়ন এলাকা থেকে বিপুল পরিমাণ রাসায়নিক সার নিয়ে সাতটি ভ্যান কোতোয়ালি থানার অভিমুখে যাচ্ছিল। আমতলী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজনের কাছে সার পরিবহনের বিষয়টি সন্দেহজনক মনে হয়। 

তারা ভ্যানগুলো থামিয়ে চালকদের কাছে সারের বৈধ নথিপত্র ও পরিবহন চালান দেখতে চান। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ভ্যানসহ সারগুলো জব্দ করে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই সারগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে বা এর গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে চালক বা সংশ্লিষ্টরা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

এলাকাবাসীর অভিযোগ, সার সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার পাচার বা মজুদের চেষ্টা করছে। তারা আমতলী বাজারসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে সার ও অন্যান্য কৃষি উপকরণের অবৈধ পরিবহন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন জানিয়েছে, জব্দকৃত সার ও ভ্যানের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।