রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে চালু হচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:২২ পিএম

দিনাজপুরে চালু হচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

ইফতার মাহফিলে অতিথিবৃন্দ :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে আর্তমানবতার সেবায় এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে লার্ন অ্যান্ড লীড ফাউন্ডেশন। অসহায় ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর লক্ষ্যে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহরের ৮ নম্বর উপশহরস্থ কনফিয়ার সিটি কনফারেন্স রুমে ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

লার্ন অ্যান্ড লীড ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল জরুরি চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

সভাপতির বক্তব্যে রাজিবুর রহমান বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো দিনাজপুরের কোনো অসহায় মানুষ যেন কেবল অর্থের অভাবে অ্যাম্বুলেন্স না পেয়ে বিনা চিকিৎসায় মারা না যায়। তিনি জানান, লার্ন অ্যান্ড লীড ফাউন্ডেশন সেইসব দুস্থ মানুষের শেষ আশ্রয় হতে চায়। কেবল একটি ফোন কলেই মুমূর্ষু রোগীর দুয়ারে পৌঁছে যাবে তাদের ফ্রি অ্যাম্বুলেন্স। 

এটি কোনো ব্যবসা নয়, বরং আর্তমানবতার সেবায় একটি পবিত্র অঙ্গীকার হিসেবে দেখছেন তারা। এই মানবিক মিশন সফল করতে তিনি সমাজের সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ আনিসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে যাতায়াত একটি বড় বাধা হয়ে দাঁড়ায়, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য। ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর এই পরিকল্পনা দিনাজপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস. এম. মফিজুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ড. বদরুদ্দোহা, শিশু বিশেষজ্ঞ ড. রইছউদ্দিন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শোয়াইবুর রহমান। বক্তারা এই মানবিক উদ্যোগকে সফল করতে সমাজের বিত্তবান ও সুধী সমাজকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা ও ব্যবস্থাপনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল রানা। তিনি জানান, ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো অর্থের অভাবে যেন কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করা হয়েছে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দিনাজপুরের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।