মার্চ ৯, ২০২৬, ১২:১৮ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে কথিত পরকীয়া প্রেমের জেরে সৃষ্ট পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর (৩০) আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ইফতারের সময় উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের বেলায়েত ডাক্তার পাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে নিহতের মা ৭ জনকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
নিহত গৃহবধূর নাম মুক্তা বেগম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক আত্মীয়ের সাথে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে প্রায়ই মুক্তা বেগমের সাথে তার স্বামী ও পরিবারের লোকজনের ঝগড়া হতো।
ঘটনার দিন বিকেলে এ নিয়ে পুনরায় বিবাদ শুরু হলে পরিবারের সদস্যরা তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তাকে কথিত প্রেমিকের বাড়িতে নিয়ে গিয়ে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। লোকলজ্জা ও অপমানের সইতে না পেরে সেখানেই ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন দুই সন্তানের জননী মুক্তা।
এই খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইসমাইলের পরিবারের ওপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের মা সোনালী বেগম বাদি হয়ে ৭ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন