রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

কাহারোলে বাল্যবিবাহ প্রতিরোধে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোঃ আরিফ ইসলাম

মার্চ ১২, ২০২৬, ১০:১৩ পিএম

কাহারোলে বাল্যবিবাহ প্রতিরোধে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ বিরোধী সভা :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুরে বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রসুলপুরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। লাইফ ওয়েল ট্রাস্টের বাস্তবায়নে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে আয়োজিত এই সভায় এলাকার ইমাম, পুরোহিত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রসুলপুরের চেয়ারম্যান কামিনী কান্ত রায়ের সভাপতিত্বে বাল্যবিবাহের কুফল এবং তা প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

বক্তারা বলেন যে, বাল্যবিবাহ একটি শিশুর মৌলিক অধিকার হরণ করার পাশাপাশি তার শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়ায়। শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে, বিশেষ করে ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্যা ঝর্না রানী রায় এবং ইউপি সদস্য মো. মোকছেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব ডা. নিরোদ চন্দ্র রায় এবং উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রসুলপুরের ম্যানেজার সুমিতা রায়।

সভায় উপস্থিত বক্তারা বাল্যবিবাহের স্বাস্থ্যঝুঁকি ও আইনি বিষয়গুলো তুলে ধরেন। তারা উল্লেখ করেন যে, বাল্যবিবাহ প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিশুদের ঝরে পড়া রোধ এবং তাদের শিক্ষামুখী করতে প্রকল্প কর্মকর্তাদের পাশাপাশি সমাজের অভিভাবক ও জনপ্রতিনিধিদের আরও বেশি তৎপর হওয়ার অনুরোধ জানানো হয়। সভার শেষে অংশগ্রহণকারী ধর্মীয় নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহের বিরুদ্ধে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।