রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জনগণের সমর্থন নিয়ে দেশ গড়তে চাই: কাহারোলে প্রধানমন্ত্রী

মোঃ আরিফ ইসলাম

মার্চ ১৬, ২০২৬, ০৬:৫২ পিএম

জনগণের সমর্থন নিয়ে দেশ গড়তে চাই: কাহারোলে প্রধানমন্ত্রী

খাল খনন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল উপজেলায় ১২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 

বিএনপি সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দিনাজপুরে এটিই প্রথম সফর।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "খাল পুনঃখনন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে উপরিভাগের পানির সদ্ব্যবহার নিশ্চিত করা হবে। 

এই পানি আমাদের আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে।কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থার উন্নয়নে সরকার সব ধরণের কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে। মা-বোনদের উদ্দেশ্যে তিনি ‍‍`পাইলট ফ্যামিলি কার্ড‍‍` কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই প্রকল্প বড় ভূমিকা রাখবে।

দেশ গড়ার ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এদেশের জনগণ সব পারে। আপনারাই পারেন একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে। আমাদের সজাগ থাকতে হবে যেন কেউ সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।" তিনি তাঁর সরকারের রাজনীতির মূল লক্ষ্য হিসেবে—কৃষকের কল্যাণ, উন্নত চিকিৎসা, মানসম্মত শিক্ষা এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, "জনগণই সকল ক্ষমতার উৎস। এদেশের মালিক জনগণ, তাই মালিক যদি সাথে থাকে তবে আমরা সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। আমাদের মূলমন্ত্র—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।