সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ০৭:৪১ পিএম

চিরিরবন্দরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার

কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা -ছবি-দিনাজপুর টিভি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন হাট-বাজারে শেষ মুহূর্তের কেনাকাটা পুরোদমে জমে উঠেছে। রমজানের শেষ সময়ে এসে উপজেলার শপিংমল, মার্কেট ও অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরতিহীনভাবে চলছে কেনাবেচা। 

সরেজমিনে বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে আলোকসজ্জা করা হয়েছে এবং ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা নতুন নতুন ডিজাইনের পোশাক প্রদর্শন করছেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, পোশাক, জুতা, কসমেটিকস এবং শিশুদের খেলনার দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। এর মধ্যে নারী ও শিশুদের পোশাকের দোকানে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবারের ঈদে বেচাকেনার পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। 

বিশেষ করে ১৫ রমজানের পর থেকে বাজারে ক্রেতা সমাগম বাড়তে শুরু করে। বর্তমানে শাড়ি, নকশা করা থ্রি-পিস এবং ভারী কারুকাজের পোশাকের প্রতি নারী ক্রেতাদের আগ্রহ লক্ষ্যণীয়। অন্যদিকে পুরুষদের পোশাকের ক্ষেত্রে নতুন ডিজাইনের পাঞ্জাবি, শার্ট ও জিন্স প্যান্টের ভালো চাহিদা রয়েছে।রানীরবন্দর, ফতেজংপুর, চম্পাতলী, ভূষিরবন্দর এবং চিরিরবন্দর স্টেশন রোড এলাকার বড় বাজারগুলো এখন ক্রেতাদের পদচারণায় মুখর। 

অনেক ক্রেতা জানান, প্রয়োজনীয় কাজ শেষ করে এবং আর্থিক সংস্থান নিশ্চিত করে তারা শেষ সময়ে বাজারে এসেছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের দিন পর্যন্ত এই ধারা বজায় থাকবে এবং এবার ভালো মুনাফা অর্জন সম্ভব হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় গভীর রাত পর্যন্ত কেনাকাটা করতে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না বলে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।