মার্চ ২৪, ২০২৬, ০৪:২২ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর উচ্চ বিদ্যালয়ে ‘স্মৃতির টানে আবার একসাথে’ প্রতিপাদ্যে ‘ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের কয়েক প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পুরনো দিনের স্মৃতিচারণে মেতে ওঠেন।
সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর একটি আনন্দ র্যালি বের করা হয় যা এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। দীর্ঘ দিন পর সহপাঠীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন।
মিলনমেলার দ্বিতীয় পর্বে দুপুরে প্রীতি খেলাধুলা এবং সন্ধ্যায় আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুশফিকুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দিনাজপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শরীয়ত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের এজিএম এ. কে. এম. তাসদিদ জামান। ২০০০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক মিলনতীর্থে পরিণত হয়।বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের সোনালী দিনগুলোর কথা স্মরণ করেন এবং আগামীতে বিদ্যালয়ের উন্নয়নে ও প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষাংশে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরেন। দীর্ঘদিনের ব্যবধানে একে অপরকে ফিরে পেয়ে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই মিলনমেলার সমাপ্তি ঘটে। স্থানীয়দের মতে এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে এবং বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন