মার্চ ২৬, ২০২৬, ০৪:০৫ পিএম
দিনাজপুরের বিরলে বিনম্র শ্রদ্ধা, বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয় এবং স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য শেষে এক অনন্য নজির স্থাপন করেন। তিনি মঞ্চ থেকে নেমে সরাসরি বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের আসনে গিয়ে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে তাদের ব্যক্তিগতভাবে সংবর্ধনা প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। তিনি বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল এমরান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী মঙ্গলীয়া।
এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আইবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দীন। উপজেলা সমাজসেবা অফিসার রাজিউল ইসলাম রাজুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বিময় সরকার, কৃষি কর্মকর্তা রুম্মান আকতার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলামসহ বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক হিরা।
এর আগে সকাল ৯টায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি এবং স্কাউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে।
দিবসটি উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকেলে চলচ্চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে। সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরলের কর্মসূচি শেষে তার নির্বাচনী এলাকার অপর উপজেলা বোচাগঞ্জে আয়োজিত একই ধরনের অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন