সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পাম্পে তেল নিতে গিয়ে প্রাণ হারালেন বীরগঞ্জের এনায়েতুল ইসলাম

মোঃ আব্দুর রাজ্জাক

মার্চ ২৬, ২০২৬, ০৪:৩৩ পিএম

পাম্পে তেল নিতে গিয়ে প্রাণ হারালেন বীরগঞ্জের এনায়েতুল ইসলাম

হিটস্ট্রোকে একজনের মৃত্যু। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোলে পাম্পে মোটরবাইকের জ্বালানি তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এনায়েতুল ইসলাম নামের এক এনজিও কর্মকর্তার করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে কাহারোল উপজেলার লতিফা ফিলিং স্টেশনে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। 

নিহত এনায়েতুল ইসলাম বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর শাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এনায়েতুল ইসলাম পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কাহারোল উপজেলার তারকা ইউনিয়নের ইছাইল গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে নিজের মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তিনি সেটি সংগ্রহের জন্য স্থানীয় লতিফা ফিলিং স্টেশনে যান। 

এ সময় পাম্পে প্রচণ্ড ভিড় থাকায় তাকে দীর্ঘ সময় জ্বালানি তেলের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত গরমে দীর্ঘ সময় অবস্থানের ফলে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়াই তার মৃত্যুর মূল কারণ। 

এনায়েতুল ইসলামের আকস্মিক মৃত্যুর খবর তার নিজ গ্রাম বীরগঞ্জের সাতোর এবং শ্বশুরবাড়ি কাহারোলে পৌঁছালে উভয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।এলাকাবাসীর কাছে এনায়েতুল ইসলাম একজন অত্যন্ত সদয় ও পরোপকারী মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

বর্তমানে তীব্র তাপদাহের কারণে বাইরে বের হওয়া এবং দীর্ঘ সময় রোদে অবস্থানের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বীরগঞ্জের এই কৃতি সন্তানের অকাল মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।