এপ্রিল ১৯, ২০২৬, ১২:০৯ এএম
সবার জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই সম্মেলনের আয়োজন করা হয়।তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন।
এর আগে সকালে সুজাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সংগঠনের নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে সমবেত হয়। সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার আহ্বায়ক শাকিরুল ইসলাম শাকির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বক্তব্য প্রদান করেন।বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন। তাঁরা বলেন, প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাঁরা। ছাত্র ফেডারেশনের এই সাংগঠনিক শক্তিশালীকরণ কর্মসূচি আগামী দিনে শিক্ষা আন্দোলনে নতুন গতি আনবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন তেল-গ্যাস রক্ষা কমিটির নেতা হামিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন এবং গণসংহতি আন্দোলন ফুলবাড়ী শাখার আহ্বায়ক আবুল খায়ের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সিফাত সরকার। এ সময় স্থানীয় গণসংহতি আন্দোলনের নেতা আব্দুল মোতালিব পাপ্পুসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাপ্তি বক্তব্যে সভাপতি সকলকে ছাত্র সমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন