এপ্রিল ২৫, ২০২৬, ০২:৩৪ পিএম
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম আজ শনিবার শহরের ঐতিহ্যবাহী অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন। সকালে হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য ও চিকিৎসকবৃন্দ। পরিদর্শনের শুরুতেই তিনি হাসপাতালের বিভিন্ন শিশু ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এ সময় তিনি চিকিৎসার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।ওয়ার্ড পরিদর্শন শেষে হাসপাতাল কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় মিলিত হন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হাসপাতালের বর্তমান কার্যক্রম এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির সভায় হাসপাতালের চলমান সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন।
বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় এই প্রতিষ্ঠানের বিশেষ অবদানের কথা আলোচনায় উঠে আসে।সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, অরবিন্দ শিশু হাসপাতাল শুধু দিনাজপুর নয়, বরং পুরো উত্তরবঙ্গের একটি গর্বিত প্রতিষ্ঠান। এই বেসরকারি হাসপাতালটি দীর্ঘকাল ধরে মা ও শিশুদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ মা ও শিশু সেবা কেন্দ্রে রূপান্তর করতে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা তিনি করবেন।
তাঁর লক্ষ্য হলো দিনাজপুরের মানুষকে যেন উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা বিদেশে যেতে না হয়, বরং এই হাসপাতালেই যেন সব ধরণের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়।মতবিনিময় সভায় অরবিন্দ শিশু হাসপাতালের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম ও রণজিৎ কুমার সিংহ, সমাজকল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম ঘুটুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কাশী কুমার দাস ঝন্টু, বিধান চক্রবর্তী বাসু ও মোঃ মোস্তাক খান। অনুষ্ঠানে আরও অংশ নেন জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, এমপির ব্যক্তিগত সহকারী সুজন চক্রবর্তী এবং সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মনিন্দ্র নাথ রায়। পরিদর্শন শেষে এমপি সাহেব হাসপাতালের আজীবন সদস্য আতিকুর রহমান নিউসহ উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন