মে ২, ২০২৬, ০৬:৪২ পিএম
দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়’—স্লোগানকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনের দিনাজপুর শাখার সভাপতি মানস ভট্টাচার্য্যের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আমিনুল হক বকুল এবং সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল ফারাহ পলাশ।
এ সময় কেন্দ্রীয় সদস্য নুরুল মতিন সৈকতও উপস্থিত ছিলেন। সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন স্বপ্না রায়।সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাঁদের বক্তব্যে বাঙালি সংস্কৃতি রক্ষায় শুদ্ধ সাহিত্য চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলসহ সব বাঙালি কবির সাহিত্য চর্চার মাধ্যমেই দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ হবে। শুদ্ধভাবে রবীন্দ্র চর্চা লালন ও ধারণ করার মাধ্যমেই বর্তমান সময়ের সাংস্কৃতিক সংকট কাটানো সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, কবি জলিল আহমেদ, শিক্ষাবিদ মো. শফিকুল ইসলাম এবং কণ্ঠশিল্পী মোকসেদ আলী। এ সময় নবরূপী সংগীত শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সংগঠনের কোষাধ্যক্ষ সুমন কান্তি রায়, সুলতান কামাল উদ্দিন বাচ্চু এবং তারিকুজ্জামান তারেকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি বিধান দত্ত।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে মানস ভট্টাচার্য্যকে পুনরায় সভাপতি এবং সুমন কান্তি রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি মোট ২১ সদস্য বিশিষ্ট। কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন