রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ সভা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ০৭:৪৮ পিএম

বীরগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ সভা

বীরগঞ্জে স্বাস্থ্যসেবা সভা - ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য কার্যক্রম জোরদারের লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভা আয়োজন করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল বাহার। 

এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন।অনুষ্ঠানে বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপজেলার স্বাস্থ্যখাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা, সেবার মান বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং সাধারণ রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত প্রতিনিধিরা এসব সমস্যা সমাধানে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সরকারি এই হাসপাতালে সেবার পরিবেশ উন্নত করার মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের চিকিৎসা সংকট দূর করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।