মে ৫, ২০২৬, ০৮:২২ পিএম
দিনাজপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরি ও প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৫ মে) বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন-০১) এই সভা অনুষ্ঠিত হয়।দিনাজপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী।
সভায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই প্রকল্পটি বাস্তবায়নে জেলায় সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।
সভায় বক্তারা জানান, দিনাজপুর জেলায় গ্রাম আদালতে মামলা গ্রহণের হার বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে। তবে প্রতিটি ইউনিয়ন পরিষদে এই আদালতের সেবা গ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যে প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় এনজিও প্রতিনিধিদের প্রচারণা কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সমন্বয় সভায় উদাহরণ হিসেবে সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কার্যক্রম তুলে ধরা হয়। বক্তারা উল্লেখ করেন, মাহমুদপুর ইউনিয়ন যদি প্রতি মাসে গড়ে ২০ থেকে ২৫ জন বিচারপ্রার্থীকে বিচারিক সেবা দিতে পারে, তবে জেলার অন্য ইউনিয়নগুলোর ক্ষেত্রেও এটি সম্ভব। জেলার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক কাঠামো প্রায় একই রকম হওয়ায় সব ইউনিয়নেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন কর্মকর্তারা।
তবে কিছু ক্ষেত্রে আন্তরিকতা ও সদিচ্ছার অভাবে লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলেও সভায় জানানো হয়। তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের সুফল পৌঁছে দিতে এনজিও প্রতিনিধিদের আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা। একই সঙ্গে কার্যক্রমকে গতিশীল করতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দেওয়া হয়।
সভায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস এবং জেলা তথ্য কর্মকর্তা সাদিয়া আফরিন শেফা বক্তব্য রাখেন। এছাড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
এনজিও প্রতিনিধিদের মধ্যে এমবিএসকের মুরশেদা পারভীন, ব্র্যাকের জেলা সমন্বয়ক অমল কুমার দাম এবং পল্লী শ্রীর শামীমা বেগম সভায় নিজেদের মতামত তুলে ধরেন। সভার শুরুতে ইএসডিও এভিসিবি প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু বকর সিদ্দিক একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন। সংবাদ শেষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন