মে ১০, ২০২৬, ১০:১৩ পিএম
দিনাজপুরের বিরলে মধ্যরাতে একটি মুরগীর ফার্মে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ফার্ম মালিকের প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার (৯ মে) দিবাগত রাত ২টার দিকে বিরল পৌর শহরের শংকরপুর এলাকায় বিরল-ধুকুরঝাড়ী সড়কের পাশে এই অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত ফার্ম মালিকের নাম মাহাবুব আলম (৬০)। তিনি উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের জুগিহারি গ্রামের মৃত আমীর আলীর ছেলে এবং বিরল বাজারের একজন মুরগী ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে মাহাবুব আলমের মুরগীর ফার্মে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস আসার আগেই ফার্মটি সম্পূর্ণ পুড়ে যায়। খামারের ভেতরে থাকা মুরগি ও অন্যান্য মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
ফার্ম মালিক মাহাবুব আলম জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তার দাবি, ফার্মে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। মাহাবুব আলমের অভিযোগ, কেউ হয়তো শত্রুতাবশত ফার্মের পেছন দিক থেকে আগুন লাগিয়ে দিয়েছে।
আগুনে খামারে থাকা মুরগি এবং অবকাঠামোসহ প্রায় ৯ লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়েছে বলে তিনি জানান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন