শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৪

ফাহিম হোসেন রিজু

মে ১৯, ২০২৬, ১২:৫৬ পিএম

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৪

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর ঘাট সংলগ্ন একটি অনাবাদী জমি থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার দিবাগত গভীর রাতে এই বিশেষ অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন শালিকাদহ গ্রামের মো. রবিউল ইসলাম, চন্ডিদাসপুর গ্রামের মো. রেজাউল করিম এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়া গ্রামের মো. আবেদ আলী ও ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের মো. সাদেকুল ইসলাম ওরফে শফিক। 

পুলিশ জানায়, রাত দেড়টার দিকে ঘোড়াঘাট থানার একটি টিম ওই এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শালিকাদহ করতোয়া নদীর ঘাট সংলগ্ন জনৈক তাসাদুল ইসলামের অনাবাদী জমিতে আকস্মিক অভিযান চালানো হয়। সেখান থেকে প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে ওই চারজনকে গ্রেফতার করা হয়।

পরে জুয়ার বোর্ড থেকে ৩টি ডাবু, ১৮টি ফরগুটি, ১টি ফরদিসহ নগদ ৭ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর ১৯। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর মো. অহনাফ তাহমিদকে। এলাকায় জুয়া ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়।