জুলাই ১, ২০২৬, ০৯:৫৪ পিএম
দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই বড় পরীক্ষায় রংপুর বিভাগের আটটি জেলা থেকে মোট ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। বোর্ডের অধীনে থাকা ৬৬৫টি কলেজ থেকে মোট ২১৩টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা এবার চূড়ান্ত পরীক্ষায় বসবেন।পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবার উল্লেখযোগ্যভাবে বেশি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন পরীক্ষার এই সার্বিক পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৫৪ হাজার ৪৩৬ জন এবং ছাত্রী সংখ্যা ৫৯ স্থাপত্য ৪৩ জন, যা ছাত্রদের চেয়ে ৪ হাজার ৬০৭ জন বেশি। মোট পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ১৭৬ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৬৭০ জন এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৬৩০ জন। এছাড়া প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে একজন ছাত্রীসহ এবার মাত্র তিনজন অংশ নিচ্ছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বরাবরের মতোই মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এই বিভাগে মোট ৭৯ হাজার ১৩ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় বসবেন। অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে ২৭ হাজার ৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষার্থীদের বিষয়ের সংখ্যা অনুযায়ী, এক বিষয়ে অংশ নেবেন ১৯ হাজার ৭৩৬ জন, দুই বিষয়ে ৫ হাজার ৮০০ জন এবং সব কটি বিষয়ে মোট ৮৭ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। আগামী ২ জুলাই শুরু হয়ে আগামী ৮ আগস্ট এই এইচএসসি পরীক্ষা সম্পন্ন হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন