জুলাই ৪, ২০২৬, ০৪:৩৩ পিএম
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ‘নিরাপদ খাদ্য’ বিষয়ক জনসচেতনতামূলক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন নিশ্চিত করাই এই কর্মশালার মূল লক্ষ্য।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ. ন. ম. নাজিম উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রিয়াজ উদ্দীন, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি উপস্থিত ছিলেন। দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন, বিপণন ও ভোক্তাদের নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্ববোধের ওপর জোর দেন। তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি সংস্থার পাশাপাশি ব্যবসায়ী, উৎপাদক, ভোক্তা এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কর্মশালায় নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন এবং খাদ্যে ভেজাল প্রতিরোধের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
দিনাজপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা জানান, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন