রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কোটি কোটি টাকার রাজস্ব, অথচ বেহাল কাহারোল মাংসের হাট

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৬, ১১:৩৮ পিএম

কোটি কোটি টাকার রাজস্ব, অথচ বেহাল কাহারোল মাংসের হাট

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের কাহারোল উপজেলা সদরে অবস্থিত মাংসের হাটটি দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। হাটের টিনের শেডগুলো নষ্ট হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে রোদ ও বৃষ্টির মধ্যে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। সরকারি কোষাগারে কোটি কোটি টাকার রাজস্ব জমা হলেও এই হাটের অবকাঠামোগত উন্নয়নে কর্তৃপক্ষের কোনো নজর নেই বলে অভিযোগ স্থানীয়দের।

জানা যায়, মুকুন্দপুর ইউনিয়নে অবস্থিত এই হাটের মাংসের অংশটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ প্রতি বছর এই হাট থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছরে হাটের ইজারা ও অন্যান্য খাত থেকে সাত কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে, যা উপজেলা পরিষদের হাট-বাজার খাতের তহবিলে জমা রয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, পরিবারের ভরণপোষণের জন্য বাধ্য হয়েই এই পেশায় টিকে থাকতে হচ্ছে তাদের। শেডগুলো ভেঙে পড়ায় খোলা আকাশের নিচে চরম কষ্টের মধ্যে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও স্থায়ী কোনো সমাধান মিলছে না।

বিষয়টি নিয়ে কথা হয় মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার লিমনের সঙ্গে। তিনি জানান, এই হাট থেকে যে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়, তার ব্যবস্থাপনার ক্ষমতা ইউনিয়ন পরিষদের নয়। অর্জিত অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা থাকে।

তিনি আরও বলেন, হাট উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে তার একার পক্ষে এই খাতের সংস্কার করা সম্ভব হচ্ছে না।দীর্ঘদিন ধরে রাজস্ব আদায় হওয়ার পরও হাটের কোনো উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত এই সমস্যার সমাধান এবং ব্যবসায়ীদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।