শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৫:০৭ পিএম

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, উন্নয়নকর্মী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এডিপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ৮ নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল রহমান রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ এডিপির প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা।

এ সময় ইউপি সদস্য মোঃ সাব্বির ইসলাম রহিম, আশরাফুল ইসলাম, নিরঞ্জন রায়, সামীর হোসেন, নূরনেসা বেগম, রাধিকা রানি, মোঃ ইউনুস আলী, স্থানীয় সহকারী শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, অধিকার ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা বৃদ্ধি, শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং কিশোর-কিশোরীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

সভা শেষে উপস্থিত অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।