রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০৬:৫৭ পিএম

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্থানীয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। 

এ সময় তিনি তার বক্তব্যে বলেন যে বর্তমান সরকার দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা প্রসার, দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সার্বিক জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সঠিক ব্যবহারের মাধ্যমে এই জনগোষ্ঠীর তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিতরণ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক, যাতায়াত সহজ করার উদ্দেশ্যে বাইসাইকেল এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় সহায়তা পেয়ে শিক্ষার্থী ও উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।