সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৬, ১২:২১ এএম

দিনাজপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় দিনাজপুরে নানা সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি এবং গৃহহীন পরিবারগুলোর নিকট নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।

প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারের এই সহায়তা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামানজা পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, যাতায়াতের সুবিধার জন্য বাইসাইকেল এবং অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করেন। 

এ সময় বক্তব্যে তিনি বলেন যে, বর্তমান সরকার সমতলের পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নত করতে এবং তাদের শিক্ষার হার বাড়াতে নানামুখী কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফেরদৌস উদ্দিন, ৭ নম্বর উলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নূরুনবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং উপকারভোগী সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন।বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক স্তরের ৮৯ জন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫৩ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৩২ জন শিক্ষার্থীকে মোট সাত লাখ চৌুরাশি হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি ২৭ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ১৮ জনের মাঝে সেলাই মেশিন এবং গৃহহীন পাঁচটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।স্থানীয় প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষগুলোর মাঝে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে।