জুলাই ৩০, ২০২৬, ০৮:১২ পিএম
জিও এবং এনজিওর যৌথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। তৃণমূল পর্যায়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে এনজিও কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই প্রশিক্ষণের লব্ধ জ্ঞান মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার বালুবাড়ী এলাকায় এমবিএসকের প্রশিক্ষণ কক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।এডাব দিনাজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় এনজিওদের তহবিল সংগ্রহ কৌশল নির্ধারণ বিষয়ক তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। এডাব দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব মোফাজ্জল হোসেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন এডাব রংপুর বিভাগের সমন্বয়কারী আনিসুর রহমান।দিনাজপুর, রংপুর ও পঞ্চগড় জেলার তেইশ জন এনজিও প্রতিনিধি এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন পঞ্চগড় থেকে আগত এসভিডির মিজানুর রহমান, এমবিএসকের মোর্শেদা পারভীন মলি এবং ফুলবাড়ী উপজেলার স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল কাইয়ুম।
অংশগ্রহণকারীদের তহবিল সংগ্রহের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবমুখী ধারণা প্রদান করেন এডাব রিসোর্স পুলের সদস্য সুবিনয় দত্ত ও সহকারী ফেসিলেটর সমাপিকা হালদার।কর্মশালার মূল উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা জানান, স্থানীয় এনজিওগুলো কীভাবে দেশি-বিদেশি প্রতিষ্ঠান, স্থানীয় উৎস এবং ব্যক্তিপর্যায় থেকে স্বচ্ছতার সঙ্গে তহবিল সংগ্রহ করতে পারে, তার আধুনিক কৌশল ও নীতিমালা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন