বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে কারিগরি শিক্ষার্থীদের ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩১, ২০২৬, ০৮:১০ পিএম

দিনাজপুরে কারিগরি শিক্ষার্থীদের ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

কারিগরি শিক্ষার্থীদের পেশাগত দিকনির্দেশনা এবং চাকরির বাজারের বাস্তব প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা দিতে দিনাজপুরে ‘ক্যারিয়ার মিটআপ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ জাহাঙ্গীর অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বাস্তবমুখী নানা পরামর্শ দেন।

ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যকার দূরত্ব কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।‘তৌহিদ অ্যাসোসিয়েটস’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন বিডিজবস ডটকমের হেড অব প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ, প্রাণ-আরএফএল গ্রুপের এইচআর প্রফেশনাল মো. জুবায়ের হোসেন এবং ন্যাশনাল টিউবস লিমিটেডের প্রকৌশলী আমিনুর রহমান রাসেল। 

এছাড়া ইয়ুথ ইমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট ইন্সটিউটের প্রতিষ্ঠাতা মো. রাশেদুজ্জামান, সাদিয়া আইটির সিইও মো. রায়হান মিয়া এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর ইফতেখার আলমও শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।বক্তারা বর্তমান চাকরির বাজারের তীব্র প্রতিযোগিতা, মানসম্মত ও আকর্ষণীয় সিভি তৈরি, কর্পোরেট গ্রুমিং এবং সরকারি ও বেসরকারি খাতে ক্যারিয়ার গড়ার নানা দিক নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান যে কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রিই যথেষ্ট নয়, বরং বর্তমান ইন্ডাস্ট্রির সুনির্দিষ্ট চাহিদামতো কারিগরি দক্ষতা এবং সফট স্কিল অর্জনের কোনো বিকল্প নেই। 

পড়াশোনার পাশাপাশি এমন বাস্তবমুখী আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থীরাও গভীর সন্তোষ প্রকাশ করেন।এই আয়োজন সম্পর্কে তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও প্রধান আয়োজক মো. তৌহিদুজ্জামান জানান যে সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই পড়াশোনা শেষ করে চাকরির বাজারে গিয়ে পিছিয়ে পড়ে এবং শিক্ষা ও কর্মক্ষেত্রের এই ব্যবধান দূর করতেই তাদের এই প্রচেষ্টা। সম্পূর্ণ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে সার্বিক সহযোগিতা করেছে দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা ‘হক পাবলিকেশনস’।উল্লেখ্য, যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার সচেতনতা বাড়াতে তৌহিদ অ্যাসোসিয়েটস বিগত চার বছর ধরে ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের সফল আয়োজন করে আসছে।