রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর বোর্ডে ফলাফলে এবারও ছেলেদের তুলনায় মেয়েরাই এগিয়ে

মো: মামুনুর রশিদ

আগস্ট ১০, ২০২৬, ১২:৩১ পিএম

দিনাজপুর বোর্ডে ফলাফলে এবারও ছেলেদের তুলনায় মেয়েরাই এগিয়ে

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ব্যাপকভাবে কমেছে। এবার এই বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক শূন্য ৫ শতাংশে, যেখানে গত বছর এই হার ছিল ৬৭ দশমিক শূন্য ৩ শতাংশ।এবার বোর্ডের অধীনে আঠারোটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার মোট দুই হাজার আটশ চৌদ্দটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ আশি হাজার সাতশ বাহান্ন জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে সব মিলিয়ে পাস করেছে এক লাখ চার হাজার নয়শ পঁচিশ জন এবং জিপিএ-পাঁচ পেয়েছে মোট তেরো হাজার ছয়শ ঊনচল্লিশ জন শিক্ষার্থী। জিপিএ-পাঁচ প্রাপ্তদের মধ্যে সাত হাজার একশ বাহান্ন জন ছাত্রী এবং ছয় হাজার চারশ সাতাশি জন ছাত্র থাকায় সার্বিক সূচকে মেয়েরাই এগিয়ে রয়েছে। 

গড় পাসের হারেও ছাত্রীদের দাপট লক্ষ করা গেছে, যেখানে ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক শূন্য এক শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ।বোর্ডের দুইশ তিরাশিটি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পনেরো জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা তেরোটি থাকলেও এবার তা বেড়ে আঠারোটিতে পৌঁছেছে। অন্যদিকে এবার মাত্র চব্বিশটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করতে সক্ষম হয়েছে।ফলাফলে এমন বড় ধরনের পতন হওয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন শিক্ষাবিদরা।