আগস্ট ১৮, ২০২৬, ১০:৫৬ পিএম
দিনাজপুরের বিরলে যথাযথ মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হলো মৎস্য পক্ষ।
মঙ্গলবার সকালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তিগত ব্যবহারের বিষয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, উপদেষ্টা রুহুল আমিন, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম সহিদ। বক্তারা মৎস্য চাষে আগ্রহীদের সরকারি সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ ভাগে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মৎস্য চাষিরা এ সময় উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন