সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অরবিন্দ শিশু হাসপাতালের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ১০:৫০ পিএম

অরবিন্দ শিশু হাসপাতালের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের অরবিন্দ শিশু হাসপাতালের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় হাসপাতালের নিচতলার ১১৭ নম্বর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় হাসপাতালের বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।

সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন নির্বাহী সদস্য বিধান চক্রবর্তী বাসু। এরপর ৩৭তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সহ-সভাপতি রণজিৎ কুমার সিংহ।স্বাগত বক্তব্যে সভাপতি আব্দুস সামাদ বলেন, "দিনাজপুরে একটি অত্যাধুনিক ও পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করে সমাজের বঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে আমরা ইতোমধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ ও নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেছি।"

সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির '২০২৪-২০২৫ এর বার্ষিক প্রতিবেদন' পেশ করতে গিয়ে বলেন, "সরকারি সেবার পাশাপাশি উত্তরবঙ্গের মা ও শিশু স্বাস্থ্যসেবায় অরবিন্দ শিশু হাসপাতাল একটি মডেল হাসপাতালে রূপ নিয়েছে।" হাসপাতালের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রেম নাথ রায় আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন।পরে আজীবন সদস্যদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন মোঃ আতিকুর রহমান নিউ, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, শহিদুর রহমান পাটোয়ারী মোহনসহ অন্যান্যরা।

আলোচনা শেষে দুটি প্রতিবেদনই কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার সানজিদা জামান। এ সময় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি সুনীল কুমার চক্রবর্তী, যুগ্ম সম্পাদক স্বরূপ বকসী বাচ্চু, মেডিকেল সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সমাজকল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।