মোঃমমিনুল ইসলাম
অক্টোবর ২৬, ২০২৫, ০৫:৩০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সরকারের দেশব্যাপী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অংশ হিসেবে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্মাণ কাজের ধীরগতির কারণে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি দেখে দিনাজপুর গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের উদ্যোগ নিয়েছে।
পিডব্লিউডি নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার জানান, প্রায় ১৪ কোটি টাকা চুক্তি মূল্যের এই প্রকল্পটি ১২ মাসের ছিল, যা ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শুরু হয় আরো পরে। প্রকৌশলী যোগ করেন, গত বছরের রাজনৈতিক পরিস্থিতির কারণে কাজে জটিলতা দেখা দিয়েছিল। তবে তিনি অফিসে যোগদানের পর ধীর গতি লক্ষ্য করেন এবং ২০ অক্টোবর ঠিকাদারকে চুক্তি লঙ্ঘনের দায়ে চূড়ান্ত চিঠি দেওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেন, চুক্তিটি সম্পূর্ণ বাতিল করার জন্য এই সপ্তাহেই প্রধান প্রকৌশলীর দপ্তরে চিঠি পাঠানো হবে।
সাইট ইঞ্জিনিয়ার রিমন অবশ্য কাজের ধীরগতির কারণ হিসেবে সাইট বুঝে পেতে বিলম্বের কথা উল্লেখ করেন। তার মতে, ২০২৩ সালের ডিসেম্বরে সাইট বুঝে পাওয়ায় কয়েক মাস সময় নষ্ট হয়েছে। তিনি আশা করেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে, তবে তা নির্ভর করছে সময় বাড়ানোর অনুমোদনের ওপর।
সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ভবনটির কাজ অনেকটাই অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে এবং প্রকল্প এলাকায় শ্রমিকের উপস্থিতি খুবই কম। স্থানীয় মুসল্লি জলিল বলেন, "আমরা অনেক আশা করেছিলাম যে, দ্রুতই এই সুন্দর মসজিদে নামাজ পড়তে পারবো। কিন্তু যেভাবে কাজ চলছে, তাতে মনে হচ্ছে আরও অনেক সময় লাগবে।" এলাকাবাসী নির্মাণ সামগ্রীর মান নিয়েও প্রশ্ন তুলছেন।
চিরিরবন্দর উপজেলার ধর্মপ্রাণ মানুষ আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত এই মডেল মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করবে, যাতে এটি অত্র এলাকার ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বাতিঘর হিসেবে উন্মুক্ত হয়।