রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সূর্যোদয়ের আরাধনা: দিনাজপুরে শেষ হলো ঐতিহ্যবাহী ছট পূজা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০১:৪৫ পিএম

সূর্যোদয়ের আরাধনা: দিনাজপুরে শেষ হলো ঐতিহ্যবাহী ছট পূজা

ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে ঐতিহ্যবাহী ছট (সূর্য) পূজা পালিত হয়েছে। প্রতি বছর কালীপূজার পর শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে নদীর তীরে এই পূজা উদযাপন করেন।

আজ মঙ্গলবার ভোরে দিনাজপুরের পুনর্ভবা নদীতে এই সূর্য পূজায় হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। মনোবাসনা পূরণসহ বিভিন্ন মানত পূরণে সনাতন ধর্মাবলম্বীর হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এতে অংশ নেন। পুণ্যার্থীদের পদচারণায় পুনর্ভবা নদীর তীর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

এর আগে সোমবার বিকেলে পূজারীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে পুনর্ভবা নদীর তীরে উপস্থিত হন। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তারা নদীর পানিতে দাঁড়িয়ে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা নিবেদন করেন। সূর্যাস্তের পর সকলেই বাড়িতে ফিরে যান এবং মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সময় পুনরায় নদীতে এসে সূর্য স্নানের মধ্য দিয়ে এই পূজার সমাপ্তি ঘটান।

ভক্তরা জানান, সূর্যের মধ্যেই প্রাণের উৎস নিহিত। তারা বিশ্বাস করেন, সূর্য অনেক রোগের বিনাশ করে এবং এর শুভ প্রভাবে ব্যক্তি স্বাস্থ্য, গতি ও আত্মবিশ্বাস লাভ করে। মূলত পারিবারিক সুখ-সমৃদ্ধি ও বাড়ির ছোটদের মঙ্গল কামনায় এই ছট পূজা অনুষ্ঠিত হয়।