রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৮:৩৫ পিএম

দিনাজপুর ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধসহ এই প্রকল্প বাতিলের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় গ্রাহকরা।রোববার (২ নভেম্বর) বেলা ১১টায় পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে 'ফুলবাড়ীবাসী' ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার শত শত নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সাংবাদিক আল আমীন বিন আমজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জুলাই যোদ্ধা সাব্বির হোসেন, শিপন আহমেদ, ব্যবসায়ী সোহেল রানাসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকার বিদ্যুৎ বিভাগ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং এনালগ মিটার থেকে ডিজিটাল মিটার নিতে গ্রাহকদের বাধ্য করেছে। প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পটি মূলত তাদেরই লুটপাটের একটি অংশ, যা ২০১৭ সালে গ্রহণ করা হয়েছিল। সরকারের পতন হলেও তাদের থেকে যাওয়া দোসররা এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে লুটপাটের ব্যবস্থা করে দিচ্ছে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "ফুলবাড়ীর জনগণ জানে কিভাবে আন্দোলন করতে হয়। তারা কয়লাখনি বিরোধী আন্দোলন করে জীবন দিয়ে উন্মুক্ত কয়লাখনি প্রকল্প প্রতিহত করেছিল। যদি আবারও ফুলবাড়ীর জনগণের স্বার্থ বিরোধী কোনো প্রকল্প গ্রহণ বা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, তবে ফুলবাড়ীর জনগণ ঐক্যবদ্ধভাবেই তা প্রতিহত করবে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়িত্ব নেসকোকেই বহন করতে হবে।"

বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প বাতিলসহ স্থাপন বন্ধের জোর দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।