মে ২৩, ২০২৬, ১২:১২ এএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসিক দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন সহকারী প্রক্টর মবিনুল ইসলাম। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এই ঘটনা ঘটে। শহীদ আবরার ফাহাদ হলের উত্তেজিত আন্দোলনকারীরা এই হামলা চালিয়ে শিক্ষকের নাক ও চোখে গুরুতর জখম করে।আহত শিক্ষককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বিবরণ অনুযায়ী, ঘটনার দিন আবরার ফাহাদ হলের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে নুর হোসেন হলের শিক্ষার্থীদের ওপর হামলার উদ্দেশ্যে টিএসসির সামনে জড়ো হয়। অন্যপক্ষও হলের সামনে অবস্থান নিলে চরম উত্তেজনা তৈরি হয়। ওই সময় সহকারী প্রক্টর মবিনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা চালান এবং নুর হোসেন হলের ছাত্রদের ভেতরে ফেরত পাঠান। পরবর্তীতে তিনি আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদেরও ফিরে যাওয়ার নির্দেশ দিলে তারা ক্ষিপ্ত হয়ে শিক্ষকের ওপর চড়াও হয়।শিক্ষক হিসেবে নিজের পরিচয় দেওয়ার পরও তিনজন শিক্ষার্থী সরাসরি তাঁর ওপর এই শারীরিক হামলা চালায়।
কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, আঘাতে শিক্ষকের নাকের হাড় মারাত্মকভাবে বেঁকে গেছে এবং সেখানে বেশ খানিকটা অভ্যন্তরীণ ক্ষত তৈরি হয়েছে। প্লাস্টিক সার্জারি ছাড়া এই ক্ষত সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া প্রায় অসম্ভব। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে ওই শিক্ষক নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন